
আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : প্রবীণ নাগরিকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার রানীরবাজার পুর পরিষদ এলাকায় ‘অটল বয়ো অভ্যুদয় যোজনা’ (এভিওয়াইএওয়াই)-এর আওতায় সচেতনতা-সহ-যোগাযোগ শিবিরের উদ্বোধন করেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
২০২১ সালের এপ্রিলে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের চালু করা এভিওয়াইএওয়াই প্রকল্পের লক্ষ্য ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক অন্তর্ভুক্তি ও মর্যাদা নিশ্চিত করা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রবীণরা শুধু যত্নই নয়, সম্মান ও মর্যাদার দাবিদার। এই প্রকল্প তাঁদের অধিকার সুরক্ষিত করা এবং সমাজের মূল ধারায় যুক্ত রাখার জন্যই চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের সুবিধাও বিতরণ করেন। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি সামাজিক পেনশন প্রকল্পের আওতায় দিব্যাঙ্গ নাগরিকদের ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার নানা ক্ষেত্রে কাজ করছে এবং কল্যাণমূলক কার্যক্রমে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের দুর্বল ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো সবার সম্মিলিত দায়িত্ব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ