
আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ভাষা ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। হিন্দিকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ তুলে শুক্রবার কংগ্রেস ভবনের সামনে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার রাজধানী আগরতলায় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রেক্ষাগৃহে পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। এই সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও বিজেপি-এর পক্ষ থেকে স্বাগত জানানোর প্রস্তুতি চললেও, তারই মাঝে কংগ্রেস ভবনের সামনে বড় পোস্টার টাঙিয়ে প্রতিবাদ জানায় প্রদেশ কংগ্রেস।
পোস্টারে অমিত শাহ-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধিক্কার জানানো হয়। এদিন কংগ্রেস ভবন চত্বরে কালো পতাকাও সাঁটানো হয়।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত রাজভাষা সম্মেলনকে তিনি বিজেপি-এর বৃহত্তর পরিকল্পনার অংশ বলে দাবি করেন।
তিনি আরও বলেন, দেশে ২২টি স্বীকৃত ভাষার মধ্যে হিন্দি একটি মাত্র ভাষা, সেটিকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গণতান্ত্রের পরিপন্থী। পাশাপাশি রাজ্যের মাতৃভাষা বাংলা ও ককবরকের মর্যাদা খর্ব করার প্রবণতারও অভিযোগ তোলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে বাংলা ভাষায় কথা বলার কারণে হামলার ঘটনাও ঘটছে বলে দাবি করেন চক্রবর্তী। এই বিষয়গুলির প্রতিবাদ জানাতেই প্রদেশ কংগ্রেস প্রতীকী কর্মসূচির আয়োজন করেছে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ