
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানী এলাকায় শুক্রবার দুপুরে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ অনুযায়ী, জয়দ্বীপ রায় নামে এক ই-রিক্সা চালক স্থানীয় এক বিবাহিত মহিলাকে প্রায়ই ই-রিক্সায় করে নিয়ে যেতেন। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছিল। শুক্রবার বিষয়টি মহিলার স্বামীর কানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন মহিলার স্বামী জয়দ্বীপ রায়কে ধরে ফেলেন এবং উত্তেজনার বশে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন। অভিযোগ, তাঁর মাথার আংশিক চুল কেটে দেওয়া হয়, মুখে কালি মাখানো হয় এবং মারধরও করা হয়। ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়।
খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত স্বামী ও জয়দ্বীপ রায়—উভয়কেই আটক করে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পরকীয়া সম্পর্ক ছিল কি না অথবা অন্য কোনও ব্যক্তিগত বিরোধ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়া শাস্তিযোগ্য অপরাধ বলেও পুলিশ সতর্ক করেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ