
আহমেদাবাদ, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর গুজরাটে শনিবার ভোররাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহমেদাবাদের একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। উনঝা-মেহসানা জাতীয় সড়কে উনাভা গ্রামের কাছে এক হোটেলের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমাওয়াত পরিবার রাজস্থানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ইকো গাড়িতে করে আহমেদাবাদে ফিরছিল। ওই সময় উনাভা এলাকায় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় দুই পুরুষ, এক মহিলা ও এক শিশুসহ মোট চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আইনগত প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য