
ঝাড়গ্রাম, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ভিন রাজ্য থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক্টরসহ দুইজনকে গ্রেফতার করেছে জামবনি থানার পুলিশ। শনিবার ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালি পাচার রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে জামবনি ব্লকের চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে দুটি ট্রাক্টর আটক করা হয়। তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাক্টর দু’টিতে বালি বোঝাই থাকলেও চালকেরা কোনও বৈধ অনুমতিপত্র বা চালান (সিও) দেখাতে পারেননি। এরপরই গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় দুই চালক আদিত্য নায়েক ও রুপেন বেহারাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি ঝাড়খণ্ডের বহড়াগোড়া থানার মধুয়াবেড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো