
ঝাড়গ্রাম, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিন শনিবার ভোররাতে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিট এলাকায় হাতির আগমনে আতঙ্ক ছড়ায়।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড দিক থেকে ৬–৭টি হাতির একটি দল সীমান্ত পেরিয়ে পশ্চিমাঞ্চলের জঙ্গলে প্রবেশ করে। হাতির দলটি প্রথমে গিধনী রেঞ্জে ঢুকে পরে। পরে জামবনি রেঞ্জের ভালুকা বিট হয়ে ডুলুং নদী পার করে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের গিরা সংলগ্ন জঙ্গলে প্রবেশ করে। ভোরের দিকে কয়েকজন গ্রামবাসী প্রথম হাতির চলাচল লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি বনদফতরকে জানানো হয়। হাতির গতিবিধির খবর ছড়িয়ে পড়তেই পুকুরিয়া বিটের গিরা, কুন্ডলডিহি, মাসাংডিহি, বনকাটি সহ পার্শ্ববর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়। এদিন উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়, কারণ অনেক ছাত্রছাত্রীকে জঙ্গলের পাশ দিয়ে যাতায়াত করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়।
পরিস্থিতি সামাল দিতে বনদফতরের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হয়। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতির গতিবিধির উপর নজর রাখেন। পাশাপাশি গ্রামাঞ্চলে মাইকিং করে সাধারণ মানুষকে জঙ্গলের ধারে না যাওয়ার জন্য সতর্ক করা হয়। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বনদফতর আরও জানিয়েছে, হাতির দলটি বর্তমানে জঙ্গলের মধ্যেই রয়েছে এবং জনবসতিপূর্ণ এলাকায় ঢোকেনি। প্রয়োজনে অতিরিক্ত বনকর্মী মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন জঙ্গলমহলে হাতির অনুপ্রবেশ নতুন নয়। প্রতিবছরই এই এলাকায় হাতির দল ঢুকে পড়ার ঘটনা ঘটে।
বনদফতরের তৎপরতায় এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে বড় কোনও সমস্যা সৃষ্টি হয়নি বলে জানানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও হাতির গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো