গোপীবল্লভপুরে কমিউনিটি হল নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের
ঝাড়গ্রাম, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর–১ ব্লকের ছাতিনাশোল এলাকায় ব্লক অফিস চত্বরে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মাণ একটি কমিউনিটি হলকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনের দাবি, ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি কর্
গোপীবল্লভপুরে কমিউনিটি হল নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের


ঝাড়গ্রাম, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর–১ ব্লকের ছাতিনাশোল এলাকায় ব্লক অফিস চত্বরে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মাণ একটি কমিউনিটি হলকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনের দাবি, ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচি আয়োজনে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।

সংগঠনের অভিযোগ, নিম্নমানের ইট, সিমেন্ট ও নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চলছে। পাশাপাশি সরকারি অর্থের অপব্যবহার ও আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে। সংগঠনের দাবি, নির্ধারিত মানদণ্ড মানা না করেই তড়িঘড়ি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংগঠনের প্রতিনিধি ঢাঙ্গা হাঁসদা জানান, প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ ও ব্যয়ের নথি দেখতে চাইলেও তা দেখানো হয়নি। নিরপেক্ষ তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চপর্যায়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে গোপীবল্লভপুর–১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসুন কুমার প্রামানিক জানান, প্রকল্পটি সরাসরি তাঁদের দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে না। তবে অভিযোগ পাওয়া গিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন।

অন্যদিকে ঝাড়গ্রাম জেলা পরিষদ-এর সভাধিপতি চিন্ময়ী মারান্ডি জানান, অভিযোগ তাঁর নজরে এসেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়েছে এবং কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। এছাড়াও অভিযোগ উঠেছে, টেন্ডারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা নিজেরা কাজ না করে অন্য একটি সংস্থার মাধ্যমে নির্মাণকাজ করাচ্ছে। ফলে কাজের মান ও স্বচ্ছতা নিয়ে আরও প্রশ্ন উঠেছে। যদিও অভিযুক্ত সংস্থার তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande