
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : ভিডিয়ো এবং স্থিরচিত্রের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর।
শনিবার ভিডিয়োতে নানা ভাষা, নানা ধর্মের দ্যোতক কিছু মানুষ ও তাদের ভাষা-সহ ছবি দিয়ে একটি বার্তায় লেখা হয়েছে, “মাতৃভাষা মানুষের ধারণা, চিন্তাভাবনা, অনুভূতি এবং আবেগ স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে।” অপর একটি বার্তায় লেখা হয়েছে, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আমরা আমাদের ভাষার বৈচিত্র্যকে সম্মান করি এবং উদযাপন করি।”
এই দুই বার্তা যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন, কমিশনের মুখপাত্র, কলকাতার পিআইবি ও আকাশবানী প্রভৃতির এক্স হ্যান্ডলের সঙ্গে। প্রসঙ্গত, ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি
ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর জাতিসংঘ সিদ্ধান্ত নেয় প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশেষ দিবস হিসাবে এটি পালন করা হবে। তবে এটি ২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও
গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত