
নয়াদিল্লি, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : গুরগাঁওয়ের মেডান্টা মেডিসিটি হসপিটালে গিয়ে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত ৫৬ নম্বর থানলন বিধানসভা কেন্দ্রের প্ৰয়াত বিধায়ক পি ভুঙজাগিন ভালতেকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।
গভীর শোকের আবহে মুখ্যমন্ত্রী প্রয়াত নেতার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রায় দশ মিনিট তাঁদের সঙ্গে কথা বলে এই কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী একে রাজ্যের জন্য অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত বলে উল্লেখ করেন।
প্রয়াত আত্মার চিরশান্তি কামনায় একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে হাসপাতালে। সেখানে বিশিষ্ট ব্যক্তি, সমাজের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শেষ বিদায় জানান। গোটা পরিবেশ ছিল গভীর শোকাচ্ছন্ন।
এর পর একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় ছিলেন চিনগাইয়ের বিধায়ক কাশিম ভাশুম এবং টিপাইমুখ বিধানসভা কেন্দ্রের বিধায়ক এনগুরসাংলুর সানাতে। এছাড়া দিল্লি-ভিত্তিক জোমি সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ ও প্রয়াতের আত্মীয়স্বজন শোকসভায় যোগ দিয়েছেন।
পি ভুঙজাগিন ভালতের প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক নেতা ও আদিবাসী সংগঠন শ্রদ্ধা জানিয়েছে। তাঁর মৃত্যু মণিপুরের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ শূন্যতা সৃষ্টি করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস