
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): কিংবদন্তি সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে কলকাতা প্রেস ক্লাব গভীর শোকপ্রকাশ করছে। পাঠক মহলে তিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। শুক্রবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত ২৪ পরগনার বনগাঁয় তাঁর জন্ম। দেশভাগের আগেই এ দেশে আসার পর থেকে তিনি আজীবন হাওড়ার বাসিন্দা ছিলেন। ১৯৫৫ সালে তাঁর প্রথম উপন্যাস ‘কত অজানারে’ প্রকাশের পরপরই তিনি আকাশছোঁয়া জনপ্রিয়তা পান। এরপর একে একে ‘চরণ ছুঁয়ে যাই’, ‘স্বর্গ মর্ত্য পাতাল’ এবং ‘চৌরঙ্গী’-র মতো কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি। কেবল বড়দের জন্যই নয়, ছোটদের জন্য তাঁর লেখাগুলিও বিশেষ জনপ্রিয় হয়েছিল। পেশাগত জীবনে ইংরেজ ব্যারিস্টার বারওয়েলের ‘ল ক্লার্ক’ হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে সাহিত্য জগতেই ছিল তাঁর অবাধ বিচরণ।
১৯৬৮ সালে তাঁর ‘চৌরঙ্গী’ উপন্যাসের সার্থক চলচ্চিত্রায়ন সিনেমা প্রেমীদের হৃদয়ে আজও অমলিন। এছাড়া তাঁর ‘সীমাবদ্ধ’ এবং ‘জন অরণ্য’ উপন্যাসের আধারে সত্যজিৎ রায় কলকাতার অসামান্য ছবি সেলুলয়েডে তুলে ধরেছিলেন। পরবর্তী সময়ে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ তাঁর লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এক নতুন আঙ্গিকে পৌঁছেছিল। তাঁর লেখা বহু ভারতীয় ও বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। সাহিত্য সাধনার পাশাপাশি জনসংযোগ আধিকারিক হিসেবে দীর্ঘ সময় কর্পোরেট জগতের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন তিনি। কলকাতা প্রেস ক্লাবের একজন বিশিষ্ট ‘কর্পোরেট সদস্য’ ছিলেন এই প্রথিতযশা সাহিত্যিক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত