
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : আসন্ন বিধানসভা ভোটের আগে হাওড়ার মধ্য কেন্দ্রে উন্নয়ন ইস্যুকে সামনে রেখে সরব হলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুরকিকল মোড়ে তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী ও বিধায়ক অরূপ রায়ের বিগত পাঁচ বছরের ‘উন্নয়নের খতিয়ান’ তুলে ধরে একটি ‘উন্নয়ন ইস্তেহার’ প্রকাশ করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক, চিকিৎসক, শিক্ষাবিদ ও সমাজসেবীরা। তাঁদের বক্তব্য, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প (বি.ই.ইউ.পি) তহবিলের অর্থে এলাকায় বিভিন্ন পরিকাঠামোগত ও সামাজিক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নাগরিক সমাজের সেই পদযাত্রার কথাও এদিন স্মরণ করানো হয়। পাশাপাশি, বিজেপির সাম্প্রতিক ‘চার্জশিট’ নিয়ে প্রশ্নের মুখে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ভারতীয় জনতা পার্টিকে। তাঁর দাবি, পরিসংখ্যান নিয়ে প্রকাশ্য আলোচনা হলে তবেই অভিযোগের সত্যতা যাচাই সম্ভব। একই সঙ্গে তিনি বলেন, কোনো বিধানসভা কেন্দ্রে কাজ পুরোপুরি সম্পন্ন হওয়া কঠিন হলেও, অভিযোগ উঠলে এই রাজ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পরবর্তী কর্মসূচি স্থির করা হবে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত