
বাগলকোট, ২১ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকে ট্র্যাক্টর উল্টে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , শুক্রবার মধ্যরাতে কর্ণাটকের বাগলকোট জেলার জামখণ্ডি তালুকের কাট্টা কেরের কাছে। দুর্ঘটনায় দুই বছরের এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আখ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়ে যাওয়া একটি ট্র্যাক্টর-ট্রলি জামখণ্ডি তালুক এলাকার কাট্টে কেরের সংলগ্ন স্থানে আচমকা বিচ্ছিন্ন হয়ে উল্টে যায়। দুর্ঘটনাটি রাত আনুমানিক ২টা নাগাদ ঘটে।
এই ঘটনায় মণীশ পান্ডে (২৩), হালকি পান্ডে (২), লক্ষ্মী চিরমাদি (২৭) রেখা ভুকে নামে চারজনের মৃত্যু হয়। মৃত সকলেই মহারাষ্ট্রের ইয়াবতমাল জেলার বুসা তালুকের গুপওয়াড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাঁরা আখ কাটার কাজের সূত্রে জামখণ্ডি এলাকায় এসেছিলেন।
খবর পেয়ে জামখণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য