এসআইআর, ৯ মার্চ পর্যন্ত সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিল করার নির্দেশ
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : আগামী ৯ মার্চ পর্যন্ত সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিল করে নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অনুরোধের পর এসআইআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জেলার সব বিচারকদের স
এসআইআর


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : আগামী ৯ মার্চ পর্যন্ত সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিল করে নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অনুরোধের পর এসআইআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জেলার সব বিচারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন৷ সূত্রের খবর, তাতে এ কথা বলা হয়।

এই বৈঠকের পরেই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তিতে জানান, অত্যন্ত জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া আপাতত আর কেউ ছুটি নিতে পারবেন না৷ যাঁরা ছুটি নিয়েছেন, তাঁরা ২৩ তারিখের মধ্যে তাঁদের সংশ্লিষ্ট বিচারালয়ে ফিরে আসবেন৷ বাতিল হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের সব ধরনের প্রশিক্ষণ৷ আগামী ৯ মার্চ পর্যন্ত রাজ্যের জুডিশিয়াল অ্যাকাডেমিতে যে প্রশিক্ষণের কথা ছিল, তাও হচ্ছে না৷

সূত্রের খবর, শনিবার দুপুরে এই বৈঠকে জেলার কর্মরত বিচারকদের পাশাপাশি সদ্যপ্রাক্তন বিচারকদের সঙ্গেও কথা বলেছেন তিনি৷ নির্বাচন কমিশনকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের তথ্যগত অসঙ্গতির কাজে পর্যাপ্ত বিচারক দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ৷ কিন্তু ঠিক কত জন বিচারক এই কাজে যুক্ত হবেন, সেই সংখ্যা এখনও নিশ্চিত করেননি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande