
মালদা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): মালদার রতুয়া-২ ব্লকের মগুরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথদুর্ঘটনায় কমপক্ষে ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসির দিকে যাওয়ার পথে মগুরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল একটি বেসরকারি বাস। সেই সময় গাজোলের দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটি রাস্তার পাশে নয়ানজুলির দিকে হেলে পড়ে। দুর্ঘটনায় বাসের পিছনের অংশে থাকা যাত্রীরাই সবথেকে বেশি চোট পেয়েছেন। ঘটনায় ট্রাক চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশা অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি