
ইমফল, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের বিজেপি বিধায়ক ভুঙজাগিন ভালতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভালতে রাজ্যের মানুষের প্রতি তাঁর অসামান্য সেবা ও নিষ্ঠার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।
৬১ বছর বয়সি ভুঙজাগিন ভালতে আজ শনিবার গুরগাঁওয়ের মেডান্টা মেডিসিটি হসপিটালে বেলা ২-টা ১৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২০২৩ সালে মণিপুরে জাতিগত সহিংসতার সূচনালগ্নে এক গণআক্রমণে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
নিজের অফিশিয়াল এক্স-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভুঙজাগিন ভালতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। বিধানসভায় তাঁর বক্তব্য ও হস্তক্ষেপ সবসময়ই ছিল প্রজ্ঞা ও তাৎপর্যপূর্ণ। ভালতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্ৰধানমন্ত্ৰী।
এদিকে, মণিপুরের প্ৰাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভালতেকে একজন নিবেদিতপ্রাণ জননেতা ও সহৃদয় মানুষ হিসেবে উল্লেখ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ভালতে সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তাঁর অকাল প্রয়াণে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস