
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘ভিত্তিহীন’ বলে কড়া সমালোচনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া যে নির্দেশ দিয়েছে, তার বাইরে গিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে।ফিরহাদ হাকিমের অভিযোগ, বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভাজনের রাজনীতি করা হচ্ছে। তাঁর কথায়, “ভারতবর্ষের সংবিধান রয়েছে, আমাদের হাজার বছরের ঐতিহ্য রয়েছে—সব ধর্ম ও জাতির মানুষ মিলেমিশে থাকার। সেখানে ইচ্ছাকৃতভাবে বিভেদ তৈরি করা হচ্ছে।” তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর এবং দেশের বহুত্ববাদী চরিত্রের পরিপন্থী।মেয়রের দাবি, দেশের যে কোনও নাগরিক ভারতের যে কোনও প্রান্তে বসবাস করতে পারেন—এটাই সংবিধানসম্মত অধিকার। কিন্তু তথাকথিত ‘ডাবল ইঞ্জিন’ সরকার পরিচালিত রাজ্যগুলিতে অন্যায় ও অত্যাচারের অভিযোগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় জানান, “আমরা বলি সকলের জন্য ভালোবাসা, কারও প্রতি ঘৃণা নয়।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়