
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) চ: শনিবার জেল থেকে মুক্তির পর এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্র বেহালায় দেখা গেল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় তাঁর এই সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তিনি বেহালার একাধিক ওয়ার্ড পরিদর্শন করেন। সংগঠনের কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করে এলাকার সাংগঠনিক পরিস্থিতি ও ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। দীর্ঘদিন পর তাঁকে সামনে পেয়ে কৌতূহলী বাসিন্দারা ভিড় জমায়। অনেকেই তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে নিজের কেন্দ্রে সক্রিয় হয়ে ওঠা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। যদিও এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কোনও বড় রাজনৈতিক মন্তব্য করেননি। সংক্ষিপ্তভাবে তিনি জানান, সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখতেই এলাকায় এসেছেন।উল্লেখ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর জেলমুক্ত হন তিনি। এরপর ধীরে ধীরে রাজনৈতিক ময়দানে তাঁর প্রত্যাবর্তন শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বেহালায় তাঁর এই সফর আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়