
পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মহারাষ্ট্রের পুণের পর এবার কর্নাটকের বেঙ্গালুরুতে এই ঘটনাটি ঘটেছে। মৃত শ্রমিকের নাম প্রসন্ন কুমার (৩৯)। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার ঝালদা-২ ব্লকের কোটশিলা থানার অন্তর্গত চেক্যা গ্রামে। গত বছরের ফেব্রুয়ারি মাসে বাড়তি আয়ের আশায় বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার শেষবার কথা হওয়ার সময় তিনি বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু শুক্রবার সকালে তাঁর রহস্যজনক মৃত্যুর খবর আসে।
পরিবারের অভিযোগ, প্রসন্নকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছিল এবং তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃতের শ্যালক গুরুবন্থ কুমারের দাবি, প্রসন্নর মাথা, নাক এবং ডান হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। ঠিকাদার সংস্থা তাঁকে নিয়মিত বেতন দিত না এবং বারবার বাড়ি ফিরতে বাধা দিত বলেও অভিযোগ উঠেছে। বাড়িতে তাঁর স্ত্রী কুন্তী কুমার এবং দুই স্কুলপড়ুয়া ছেলে রয়েছে। অভাবের সংসারে প্রসন্নর এই অকাল মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েই শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপে মৃতদেহ দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ আইনি লড়াই থেকে শুরু করে পরিবারটিকে সবরকম আর্থিক ও সামাজিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। পুরুলিয়া জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের তৎপরতায় সেখানে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দেহটি দ্রুত বাড়ি ফেরানোর চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি