
গুয়াহাটি, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : সৰ্বভারতীয় ‘কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সরাসরি নির্দেশে দিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে যুব কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি পালন করেছে’, অভিযোগ করেছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া।
আজ গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে দিলীপ শইকিয়া দিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে ‘শার্টবিহীন প্রতিবাদ’-এর তীব্র সমালোচনা করে একে দেশের জন্য ‘বিশ্বমঞ্চে লজ্জাজনক ঘটনা’ বলে অভিযোগ করেছেন। দিলীপ বলেন, ‘এটি আমাদের জন্য জাতীয় লজ্জা, আন্তর্জাতিক পরিসরে এক অপমানজনক মুহূর্ত। এর মাধ্যমে কংগ্রেসের দেশবিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে।’
শইকিয়া ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দাবি কৰে জানান, কংগ্রেসের কুৎসিত চেহারা উন্মোচন করতে বিজেপি ও তার মিত্রদলগুলির যুব শাখাগুলি রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস