
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ-এর পড়ুয়াদের জন্য শনিবার থেকে বিশেষ শিক্ষায়তন কর্মসূচি চালু করল আকাশ ইনস্টিটিউট। সংসদের নতুন সেমিস্টারভিত্তিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই কোর্সে বোর্ড পরীক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও বিশেষ জোর দেওয়া হয়েছে।
সংসদের সংশোধিত নিয়ম অনুযায়ী, বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চারটি সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। অড সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক মূল্যায়ন এবং ইভেন সেমিস্টারে বর্ণনামূলক পরীক্ষা— এই দুই ধারাকেই মাথায় রেখে পাঠক্রম সাজানো হয়েছে বলে সংস্থার দাবি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির সিলেবাস নির্ধারিত সময়ের আগেই শেষ করে শিক্ষার্থীদের বাড়তি রিভিশন ও মক টেস্টের সুযোগ দেওয়া হবে।
কর্তৃপক্ষের মতে, এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা একদিকে যেমন বোর্ড পরীক্ষায় ভালো ফল করার সুযোগ পাবে, অন্যদিকে নিট ও ডব্লিউবিজেইই-র মতো প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিও সমান্তরালভাবে এগিয়ে নিতে পারবে। মূলত অভিভাবক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত