
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রকাশিত ‘জেইই-মেইন ২০২৬’ (জানুয়ারি সেশন)-এর ফলাফলে দুর্দান্ত সাফল্য অর্জন করল অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের কলকাতার ছাত্রছাত্রীরা।
শনিবার চিনার পার্ক ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালেন কলকাতা সেন্টারের প্রধান দেবাশিস সান্যাল জানান, অ্যালেন কলকাতার ক্লাসরুম শিক্ষার্থী নীলাঙ্কন মণ্ডল ৯৯.৯৩৭৭২২৮ পার্সেন্টাইল এবং তন্বী ঝুনঝুনওয়ালা ৯৯.৯০ পার্সেন্টাইল অর্জন করেছে। তন্বী গত দুই বছর ধরে এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। একইভাবে, অ্যালেন কলকাতার ৩৬ জন শিক্ষার্থী ৯৯ শতাংশ বা তার বেশি এবং ৮৫ জন শিক্ষার্থী ৯৫ শতাংশ বা তার বেশি স্কোর করেছে।
অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নিতিন কুকরেজা এই সাফল্য প্রসঙ্গে জানান, সারা দেশে মোট ১২ জন শিক্ষার্থী ১০০ পার্সেন্টাইল অর্জন করেছে, যার মধ্যে ৮ জনই অ্যালেনের। এছাড়া ১৮ জন ‘স্টেট টপার’ (রাজ্য সেরা) অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী। অ্যালেন কোটার ক্লাসরুম শিক্ষার্থী কবীর চিল্লার ৩০০ নম্বরের মধ্যে ৩০০-ই পেয়েছে। এছাড়া অর্ণব গৌতম, শুভম কুমার, ভাবেশ পাত্র, অনয় জৈন, নিময় পুরোহিত এবং চিরঞ্জীব করও ১০০ পার্সেন্টাইল পেয়েছে। অ্যালেন অনলাইন ও টেস্ট সিরিজের শিক্ষার্থী শ্রেয়াস মিশ্রও ১০০ শতাংশ সাফল্য পেয়েছে।
উল্লেখ্য, রাজস্থান, বিহার, গুজরাট, হরিয়ানা, ওড়িশা, দিল্লি-এনসিআর, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড়, অসম, পুদুচেরি, সিকিম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এবং মিজোরামসহ বিভিন্ন রাজ্য থেকে মোট ১৮ জন স্টেট টপার বর্তমানে এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। ফলাফলের সত্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে এ বছরও অ্যালেন কর্তৃপক্ষ দেশের শীর্ষ অডিট সংস্থা ‘EY India’ দ্বারা ফলাফল যাচাই করিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত