
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : “আমার রাজনীতিতে থাকার পরিপ্রেক্ষিতে আমাকে একটা আশ্চর্য কথা বলেছিলেন: “অল্পবয়সী ছেলেমেয়েদের শ্রম বেআইনি করে দেবেন না। যদি বেআইনি হত আমি বাঁচতেই পারতাম না”। কিন্তু সে-আমলের ফ্যাশন অনুযায়ী কখনও বামপন্থার দিকে ঝোঁকেন নি।” প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের উদ্দেশে এক্সবার্তায় একথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সাহিত্যিক শংকর প্রসঙ্গে তথাগতবাবু লিখেছেন, “আমার সঙ্গে হৃদ্যতা ছিল, উনি আমার লেখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী উন্মোচনের সময় এসেছিলেন। কী দারিদ্র্যের মধ্যে প্রথম জীবন কাটিয়ে যখন লিখতে আরম্ভ করলেন, প্রথম বই ‘কত অজানারে' বাজিমাত করল, সে কাহিনী আমাকে নিজে বলেছিলেন।
আমাদের ক্যালকাটা ক্লাবের সদস্য ছিলেন। আমার সঙ্গে একবার ক্লাবের সাত নম্বর ঘরে বসে বলেছিলেন, “এই ঘরে বারওয়েল সাহেব থাকতেন, এখানে বসতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। বিদায়বেলায় এই সব স্মৃতিগুলি মনে এল। আমি বিদেশে আছি, ওঁকে শেষ প্রণামটা জানাতে পারলাম না। যেখানেই থাকেন, ভাল থাকুন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত