
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশজুড়েই পালিত হচ্ছে দিনটি। পশ্চিমবঙ্গ জুড়েও এই দিবস পালনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি— উভয় স্তরেই সমান গুরুত্বের সঙ্গে দিনটি পালিত হচ্ছে। যথাযোগ্য শ্রদ্ধায় দিনটি স্মরণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
উল্লেখ্য, বিড়লা প্ল্যানেটোরিয়ামের বিপরীতে একুশে উদ্যানে এই উপলক্ষ্যে শনিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মারকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের পাশাপাশি কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত থাকবেন। রাজ্য সরকারের তরফেও এদিন মাতৃভাষা দিবস উদযাপন এবং ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদান করা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত