
ফারুখাবাদ, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলায় গাড়ির ধাক্কায় ই-রিকশা পড়ল দুর্ঘটনার কবলে। শুক্রবার গভীর রাতে কাদরি গেট থানা এলাকায় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় ই-রিকশায় থাকা এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় শিশুটির মা, দিদিমা, বড় ভাই ও ই-রিকশা চালক আহত হয়েছেন।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শহরের সাহিবগঞ্জ এলাকার নারায়ণ দাসের বাসিন্দা অভিজিৎ তিওয়ারির তিন বছরের ছেলে তেজস তিওয়ারি শুক্রবার রাত প্রায় সাড়ে বারোটায় আবাস বিকাশ এলাকার ডায়মন্ড প্যালেস থেকে ই-রিকশায় বাড়ি ফিরছিল। তার সঙ্গে ছিলেন মা পূজা তিওয়ারি, ১৩ বছরের দাদা চেতন তিওয়ারি ও দিদিমা রীতা তিওয়ারি। ই-রিকশাটি যখন বাধপুরের ক্রিশ্চিয়ান ইন্টার কলেজের সামনে পৌঁছায়, তখন পিছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ই-রিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে থাকা সকলেই আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দিদিমা রীতা তিওয়ারি, মা পূজা তিওয়ারি, ভাই চেতন তিওয়ারি ও ই-রিকশা চালক সোনু চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য