
কৈলাসহর (ত্রিপুরা), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল ঊনকোটি জেলার কৈলাসহরের ব্যস্ত মাছবাজার এলাকা। শনিবার সন্ধ্যায় মাছবাজারের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত স্থানে হঠাৎ আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে ব্যাপক আকার ধারণ করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই পরিত্যক্ত জায়গা থেকে আগুনের শিখা দেখতে পান। জানা গেছে, জায়গাটি শুভেন্দু পাল নামে জনৈ ব্যক্তির মালিকানাধীন এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় সেখানে প্রচুর আবর্জনা জমে ছিল। ওই আবর্জনার স্তুপ থেকেই দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং দ্রুত আগুনের শিখা উঁচুতে ছড়িয়ে পড়ে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশঙ্কা তৈরি হয় যে, নিয়ন্ত্রণে আনা না গেলে পার্শ্ববর্তী মাছবাজারের কয়েকশ দোকান পুড়ে ছাই হয়ে যেতে পারত। জনবহুল এলাকা হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। দমকলকর্মীদের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ