
আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রমিক ও মালিক একসঙ্গে না চললে কোনওভাবেই উন্নয়ন সম্ভব নয়—এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার নাগেরজলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই নাগেরজলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে একসময় টিনের তৈরি বাস দিয়েই যাত্রী পরিষেবা শুরু হয়েছিল। তখন শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। পরে মার্কসবাদী রাজনীতির প্রভাবে মালিক-শ্রমিক সম্পর্কের দূরত্ব বাড়ানোর চেষ্টা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। দীর্ঘদিনের সেই পরিস্থিতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “সবকা সাথ, সবকা বিকাশ” স্লোগান সামনে এনে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন।
তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে এগুতে না পারলে উন্নয়ন সম্ভব নয়। শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা থাকলেই পরিবহন ব্যবস্থা সহ সার্বিক অগ্রগতি নিশ্চিত করা যাবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ