
আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম মাধ্যম স্বদেশী ভাবনা—এই মন্তব্য করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শনিবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে স্বদেশী জাগরণ মঞ্চ আয়োজিত উদ্যোক্তাদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
স্বদেশী জাগরণ মঞ্চের আগরতলা মহানগর কমিটির উদ্যোগে মুক্তধারা প্রেক্ষাগৃহে ‘উদ্যমী সম্মাননা ও প্রোৎসাহন সম্মেলন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, অখিল ভারতীয় স্বদেশী জাগরণ মঞ্চের আধিকারিক ধর্মেন্দ্র কুমার, সংগঠনের রাজ্য আহ্বায়ক ইন্দ্রজিত দেব সহ অন্যান্যরা।
রাজ্যপাল বলেন, স্থানীয় দ্রব্য সামগ্রী গ্রহণ ও ব্যবহারের মধ্য দিয়েই স্বদেশী ভাবনার জাগরণ ঘটে এবং স্বদেশী ভাবনার মাধ্যমেই আত্মনির্ভর ভারত গঠন সম্ভব। তিনি সকলকে স্বদেশী পণ্যের ব্যবহারে অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান। তাঁর মতে, অর্থনৈতিক স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর মহিলাদের উপর জোর দিচ্ছেন, যার লক্ষ্য মহিলাদের স্বশক্তিকরণ। তিনি বলেন, মহিলাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা গেলে সমাজব্যবস্থা কলুষমুক্ত হবে। “লাখপতি দিদি” উদ্যোগের উল্লেখ করে তিনি জানান, বর্তমানে রাজ্যে এক লক্ষেরও বেশি ‘লাখপতি দিদি’ রয়েছেন। মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করে চলেছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে অখিল ভারতীয় স্বদেশী জাগরণ মঞ্চের আধিকারিক ধর্মেন্দ্র কুমারসহ অন্যান্য বক্তারাও বক্তব্য রাখেন এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উদ্যোক্তাদের সংবর্ধনা দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ