মুখ্যমন্ত্রীর পৌরোহিত্য কৈলাসহর বিমানবন্দর পুনরুজ্জীবনে উচ্চ পর্যায়ের বৈঠক
আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : দীর্ঘদিন বন্ধ থাকা ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দর পুনরুজ্জীবিত করে পুনরায় বিমান পরিষেবা চালু করার উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভাপতিত্বে শনিবার এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ
পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : দীর্ঘদিন বন্ধ থাকা ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দর পুনরুজ্জীবিত করে পুনরায় বিমান পরিষেবা চালু করার উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভাপতিত্বে শনিবার এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে বিমানবন্দরটির পুনরুজ্জীবনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কার্যনির্বাহী পরিচালক শ্রীজ্ঞান বাত্রা এবং মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নবনিযুক্ত পরিচালক কৃষ্ণমোহন নেহরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আলোচনায় অংশ নেন। কৈলাসহর থেকে বিমান পরিষেবা পুনরায় চালু করতে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলির দ্রুত সমাধান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনায় রানওয়ে সম্প্রসারণ, আধুনিক পরিকাঠামো উন্নয়ন এবং বড় আকারের বিমান, বিশেষত এয়ারবাস চলাচলের সক্ষমতা তৈরির বিষয়ও উঠে আসে। মুখ্যমন্ত্রী এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়াকে একটি প্রযুক্তিগত ও পরিচালন দল দ্রুত কৈলাসহর বিমানবন্দরে পাঠিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করার অনুরোধ জানান, যাতে জমি-সংক্রান্তসহ অন্যান্য সমস্যাগুলি পরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া যায়।

এছাড়া আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের সঙ্গে কৈলাসহর, কমলপুর ও খোয়াই বিমানবন্দরের তুলনামূলক বিশ্লেষণ করে দ্রুত একটি সমীক্ষা রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ওই প্রতিবেদনে বাণিজ্যিক, কারিগরি ও আর্থিক দিক থেকে সম্ভাবনা ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকসহ সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।

এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত কারিগরি বিষয় খতিয়ে দেখতে শীঘ্রই একটি প্রযুক্তিগত দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবে। কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর লক্ষ্যে রাজ্য সরকার ও এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে।

বৈঠকে পরিবহণ দফতরের সচিব উত্তম কুমার চাকমা, পরিবহণ কমিশনার সুব্রত চৌধুরী এবং আগরতলা বিমানবন্দরের প্রাক্তন পরিচালক কৈলাস চন্দ্র মীনা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande