
খোয়াই (ত্রিপুরা), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই জেলার রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বাইজলবাড়ি এলাকায় শনিবার বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত রেলিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রেলি বানচালের উদ্দেশ্যে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকেরা বিধায়ক রঞ্জিত দেববর্মার অফিস কক্ষের সামনে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজলবাড়ি এলাকায় পৌঁছতেই বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
পরে পদ্মবিল এলাকায় পৃথকভাবে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, ওই কর্মসূচির জেরে বিজেপি জনজাতি মোর্চার নির্ধারিত রেলি কার্যত বানচাল হয়ে যায়।
ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, টিটিএএডিসি এলাকায় বিক্ষোভ দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে না। পাশাপাশি তিনি দাবি করেন, রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই অভিযোগের বিষয়ে রঞ্জিত দেববর্মা বা তিপ্রা মথা শিবিরের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্র ঘাট এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ