
নওয়াদা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের নওয়াদা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে সীতামারহি থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গয়া জেলার আটারি থানা এলাকার অন্তর্গত রিভালা গ্রামের তিন যুবক বন্ধুর তিলক অনুষ্ঠানে যোগ দিতে নওয়াদার আকবরপুরে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে , তিনজনই একটি মোটরবাইকে চড়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন। সীতামারহি থানা এলাকার কাটঘরা গ্রামের কাছে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাইকটি সম্পূর্ণ ভেঙে যায় এবং তিন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতির কারণেই বাইকের ভারসাম্য নষ্ট হয়। দুর্ঘটনায় মৃতদের পরিচয় পাওয়া গিয়েছে প্রতাপ কুমার ওরফে বিকাশ কুমার, ইন্দ্রান মাঞ্জি এবং সোনু কুমার ওরফে ভোলা চৌধুরী হিসেবে। তিনজনই গয়া জেলার আটারি থানার অন্তর্গত রিভালা গ্রামের বাসিন্দা। তাঁদের বয়স আনুমানিক ২০ থেকে ২৩ বছরের মধ্যে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিও আটক করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য