
বিশালগড় (ত্রিপুরা), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর থানার অন্তর্গত কৈয়াডেপা সীমান্ত এলাকায় শনিবার এক মহিলা-সহ সাত জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নোয়াবাড়ি এলাকার বাসিন্দা রবীন্দ্র দেববর্মার বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অভিযোগ, উত্তর কৈয়াডেপার বাসিন্দা রতন দাসের সহযোগিতায় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। আটক ব্যক্তিদের পরিচয় হিসেবে জানা যায়— খুলনা জেলার রবিউল কাজী (২৫), আব্দুল মান্নান (৫০), আরাফাত মালিক (২১), জাবেদা বেগম (২৩) (কাল্পনিক নাম), ফিরোজপুর জেলার আব্দুল ঝুম্মাদার (৩৫) এবং তাদের সঙ্গে থাকা দুই নাবালক।
এদিকে আটক মহিলার গুরুতর অভিযোগ, উত্তর কৈয়াডেপায় রতন দাসের বাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধর্ষণের অভিযোগ নিয়েও পৃথক মামলা রুজু করার প্রস্তুতি চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ