
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : দল থেকে সদ্য বহিষ্কৃত প্রতীক-উর- রহমানকে ঘিরে সংবাদমাধ্যমের ‘অহেতুক চর্চা’ নিয়ে কড়া মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার সকালে হাওড়ার আমতা বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “না উনি দলের কোনও বিধায়ক, না কোনও সাংসদ। এমনকি তিনি কোনও বিজ্ঞানীও নন। মিডিয়াই বিষয়টি নিয়ে অহেতুক চর্চা করছে।”
সিপিআইএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রতীক-উর- রহমানকে নিয়ে প্রশ্নের উত্তরে সুকান্তবাবু দাবি করেন, “সিপিআইএমের সংখ্যালঘু কমরেডরা তৃণমূলে গেলে তাতে নতুনত্ব কী!” তাঁর মতে, বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত নগণ্য হলেও সংবাদমাধ্যম একে বাড়তি গুরুত্ব দিচ্ছে।
এদিন আমতা বিধানসভার বেতাই ফুটবল মাঠ থেকে নারিট বাজার পর্যন্ত একটি বিশাল বাইক র্যালিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর দলীয় কার্যালয়ের উদ্বোধন, স্থানীয় কালীবাড়িতে পুজো দেওয়া এবং দেওয়াল লিখন কর্মসূচিতেও উপস্থিত ছিলেন তিনি। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস সামন্তসহ অন্যান্য জেলা নেতৃত্ব। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, এদিন মন্ত্রীর উপস্থিতিতে প্রায় একশো জন তৃণমূল কর্মী-সমর্থক পদ্ম শিবিরে যোগদান করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত