
জয়পুর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩১তম পর্বে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। এই উপলক্ষে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জয়পুরের ভাটিকা এলাকায় অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কমিউনিটি সেন্টারে সাধারণ মানুষের সঙ্গে একত্রে ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি রাজ্য ও প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করছেন। তাঁর নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার যুবসমাজ, নারী, কৃষক ও দরিদ্র মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণের পর বিগত দুই বছরে ঘোষিত ২,৭১৯টি বাজেট প্রতিশ্রুতির মধ্যে ২,৪৫০টি ঘোষণার বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তুলনামূলকভাবে পূর্ববর্তী সরকার পাঁচ বছরে মোট ৪,১৪৮টি ঘোষণা করলেও তার মধ্যে মাত্র ১,৯৩৫টির কাজ শুরু করা হয়েছিল।
ভজনলাল শর্মা আরও বলেন, রাজ্য সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘উন্নত ভারত–উন্নত রাজস্থান’-এর লক্ষ্য অবশ্যই বাস্তবে রূপ নেবে।
অনুষ্ঠান শেষে ভাটিকা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী একটি চায়ের দোকানে কিছু সময় কাটান এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। ওই সময় উপস্থিত ছাত্রীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট ক্যালেন্ডার ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। চকলেট পেয়ে শিশুদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
এই অনুষ্ঠানে সাংসদ মঞ্জু শর্মা, বিধায়ক কৈলাস ভার্মা, রামাবতার বৈরওয়া, প্রাক্তন সাংসদ রামচরণ বোহরা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য