
জগদলপুর, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের জগদলপুর জেলার কোডেনার থানার অন্তর্গত জাতীয় সড়ক–৩০-এ শনিবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। মহাসড়কের দিলমিলি পেট্রোল পাম্পের কাছে রাত প্রায় ১১টা নাগাদ দ্রুতগতির একটি টিপার (ডাম্প ট্রাক) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার ধারে দাঁড়ানো গাড়িটিকে রাস্তা থেকে নীচে নামিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ট্রাকে থাকা এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি আরও পাঁচজন গুরুতর জখম হন। গাড়ির চালক সামান্য আহত হন।
কোডেনার থানার ভারপ্রাপ্ত এক আধিকারিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তাঁরা ক্যাটারিংয়ে কাজে বিজাপুর গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য