




গুয়াহাটি, ২২ ফেব্ৰুয়ারি (হি.স.) : পাঁচ শতাধিক সহকর্মীকে সঙ্গে নিয়ে বিজোপিতে যোগদান করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন বরা এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ড. সঞ্জু বরুয়া। আজ রবিবার প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, বিজেপির কেন্দ্রীয় উপ-সভাপতি তথা বিধানসভা নির্বাচনের প্রভারি বৈজয়ন্ত জয় পাণ্ডা, রাজ্য প্রভারি হরিশ দ্বিবেদী, রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক জিআর রবীন্দ্র রাজু, বিধানসভা নির্বাচন পরিচালনা সমিতির আহ্বায়ক তথা সাংসদ প্রদান বরুয়া এবং রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া গৈরিক টুপি পরিয়ে তাঁদের দলে বরণ করেছেন।
আজ বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত যোগদান কর্মসূচিতে বক্তব্য পেশ করতে গিয়ে সভাপতি দিলীপ শইকীয়া বলেন, ভূপেন বরার যোগদান বিজেপির শক্তি বৃদ্ধি করবে। সাংগঠনিক ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, ১৪ কোটি কার্যকর্তা সংবলিত ভারতীয় জনতা পার্টির প্রতিটি সৈনিক দেশমাতৃকার জন্য ত্যাগ ও কষ্ট স্বীকার করে আসছেন। ভবিষ্যতেও আজ যোগদানকারী নেতৃবৃন্দকে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান দিলীপ।
কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ড. সঞ্জু বরুয়া বলেন, সাংগঠনিক দিক থেকে শক্তিশালী ভারতীয় জনতা পার্টিকে আগামী ৩০ বছর অসমের শাসন থেকে কোনও শক্তিই অপসারণ করতে পারবে না।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা বলেন, সেবার মনোভাব নিয়েই তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তিনি অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চলমান অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বিজেপির লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজকের এই যোগদান কর্মসূচিতে দেউরি স্বশাসিত পরিষদের প্রাক্তন সহ-প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা স্বর্গনারায়ণ দেউরি, প্রাক্তন সাধারণ সম্পাদক কংকন দাস, লখিমপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি গগনচন্দ্র বরা, চলচ্চিত্র নির্মাতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মণিরাম সিং সহ কংগ্রেসের রাজ্য ও জেলা পর্যায়ের একাধিক নেতা এবং প্রায় পাঁছ শতাধিক কংগ্রেস কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।
এদিকে দলে যোগদান করার পর নব্যবিজেপি ভূপেন বরাকে প্ৰদেশ কাৰ্যনিৰ্বাহক কমিটির সদস্য এবং ড. সঞ্জু বরুয়াকে মিডিয়া প্যানালিস্টের সদস্য হিসেবে নিয়োগ করেছেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস