বিজেপি ছেড়ে ফের তৃণমূলে দীপেন্দু বিশ্বাস, বসিরহাটে ঘরে ফিরলেন প্রাক্তন ফুটবলার-বিধায়ক
উত্তর ২৪ পরগনা, ২২ ফেব্রুয়ারি (হি. স.): ভারতীয় জনতা পার্টি ছেড়ে ফের নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনু
তৃণমূলে দীপেন্দু বিশ্বাস


উত্তর ২৪ পরগনা, ২২ ফেব্রুয়ারি (হি. স.): ভারতীয় জনতা পার্টি ছেড়ে ফের নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঘরে ফিরলেন। এই সময় উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম (লিটন)।

দীপেন্দু বিশ্বাসের সঙ্গেই এদিন কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং আইএসএফ থেকে আসা প্রায় ২৮ জন নিচুতলার কর্মীও তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, ২০১৪ সালের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে শমীক ভট্টাচার্যের কাছে সামান্য ব্যবধানে হারলেও, ২০১৬ সালে ফের টিকিট পান দীপেন্দু। সেবার শমীক ভট্টাচার্যকে পরাজিত করে প্রথমবার বিধায়ক হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁর পরিবর্তে চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলে ক্ষুব্ধ দীপেন্দু তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। ২০২১-এ রাজ্যে তৃণমূলের বিপুল জয়ের পর থেকেই তিনি বিজেপি থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। বেশ কিছুদিন আগে দলে ফেরার জন্য তিনি নেতৃত্বের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। অবশেষে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তাঁর ঘর ফেরা সম্পন্ন হলো। তবে আগামী নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে কি না, সে বিষয়ে জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

দীপেন্দু বিশ্বাসের প্রত্যাবর্তন প্রসঙ্গে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাক্তন বিধায়ক এবং প্রখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাস পুনরায় তৃণমূলে আসায় আমাদের দল আরও শক্তিশালী হলো। আমরা সবাই মিলে বসিরহাটের উন্নয়নের লক্ষ্যে কাজ করব।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande