
কল্যাণী, ২২ ফেব্রুয়ারি (হি. স.):- নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত সগুনা কৃষ্ণপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ধনঞ্জয় শিকদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কল্যাণী থানার পুলিশ।তল্লাশি চালিয়ে ধনঞ্জয়ের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ নথিভুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, অবৈধভাবেই অস্ত্রটি সংগ্রহ করা হয়েছে।পুলিশের দাবি, ধনঞ্জয় কীভাবে এবং কার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সংগ্রহ করেছেন, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।রবিবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়