
চুড়াইবাড়ি (অসম), ২২ ফেব্ৰুয়ারি (হি.স.) : ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী একটি যাত্রীবাহী বাসে তালাশি চালিয়ে প্রায় ২ কেজি ৭০ গ্রাম শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী এএস ১০ এইচসি ৯৯০৯ নম্বরের ‘শেরওয়ালি’ নামের নৈশ বাসটি আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে অসমের শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়িতে আসে। এখানে পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা তালাশি অভিযান চালান। তালাশির সময় এক যাত্রীর পিঠব্যাগকে সন্দেহজনক মনে হওয়ায় তা খতিয়ে দেখা হয়। ব্যাগ খুলতেই উদ্ধার হয় ২ কেজি ৭০ গ্রাম শুকনো গাঁজা।
এ ঘটনায় অভিযুক্ত রবীশঙ্কর সিং (৪৭) নামের ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। ধৃতের বাড়ি পশ্চিম দিল্লির মধুবিহার এলাকায়। বাজেয়াপ্ত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ রবিবার দুপুরে ধৃতকে শ্রীভূমির সিজেএম আদালতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস