
রায়বরেলি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায় রবিবার সকালে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলার মিল এরিয়া থানার অন্তর্গত রাঘণপুর মোড়ের কাছে একটি গাছে ওই যুবক ও যুবতীর দেহ ঝুলতে দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথমে পুলিশে খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি গাছ থেকে নামায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শিব বাহাদুর যাদব (২৬)। তিনি মিল এরিয়া থানার অন্তর্গত দোহারি গ্রামের বাসিন্দা। মৃত যুবতীর নাম মহিমা (২৫), তিনি খাদরি গ্রামের বাসিন্দা। ঘটনার বিষয়ে মৃতদের পরিবারকে অবহিত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, প্রেমঘটিত কারণে ওই যুবক ও যুবতী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থল থেকে ফরেনসিক দলের সহায়তায় প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব সিনহা জানান, ঘটনার প্রতিটি দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে তিনি জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য