
পূর্ব সিংভূম, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানার অন্তর্গত ১৮ নম্বর জাতীয় সড়কে শনিবার গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা অল্পের জন্য এড়াল। জামশেদপুর থেকে ভুবনেশ্বরগামী ‘শান্তিলতা’ নামের একটি স্লিপার বাসে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। বাসে থাকা যাত্রীদের প্রাণ রক্ষা পায় চালকের তৎপরতার জেরে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে , বাসটি স্বাভাবিক গতিতেই চলছিল এবং অধিকাংশ যাত্রী স্লিপার বার্থে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় মুদাকাটি চকের কাছে বাসের ভেতর থেকে পোড়া গন্ধ ও ধোঁয়া বেরোতে দেখে পরিস্থিতির গুরুত্ব বুঝে চালক দ্রুত বাসটি রাস্তার ধারে নিরাপদ স্থানে থামান। এরপর চালক ও কন্ডাক্টর যাত্রীদের দ্রুত বাস থেকে নেমে যেতে নির্দেশ দেন। কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ালেও তাঁদের সক্রিয়তায় সকল যাত্রী নিরাপদে বাস থেকে নামতে সক্ষম হন। জানা গিয়েছে, শেষ যাত্রী নামার পরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই গোটা বাসটি আগুনের গ্রাসে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। শুধুমাত্র কাঠামোটি অবশিষ্ট থাকে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। সকল যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও চূড়ান্ত কারণ তদন্ত শেষে স্পষ্ট হবে। স্থানীয় বাসিন্দারা চালকের সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাঁদের মতে, সময়মতো নেওয়া পদক্ষেপের ফলেই বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য