২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ, ‘জন আশীর্বাদ যাত্রা’ কর্মসূচি অসম বিজেপির
১৩ ও ১৪ মার্চ ফের দুদিনের অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানান প্রদেশ সভাপতি গুয়াহাটি, ২২ ফেব্ৰুয়ারি (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করার লক্ষ্যে প্রদেশ বিজেপি ‘জন আশীর্বাদ যাত্রা’ কর্মসূচি হাতে নিয়েছে। আজ রবিবার গুয়াহা
সাংবাদিক সম্মেলনে দিলীপ শইকিয়া (ফাইল ফটো)


১৩ ও ১৪ মার্চ ফের দুদিনের অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানান প্রদেশ সভাপতি

গুয়াহাটি, ২২ ফেব্ৰুয়ারি (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করার লক্ষ্যে প্রদেশ বিজেপি ‘জন আশীর্বাদ যাত্রা’ কর্মসূচি হাতে নিয়েছে। আজ রবিবার গুয়াহাটিতে অসম প্ৰদেশ বিজেপির সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলীয় সভাপতি দিলীপ শইকিয়া প্রস্তাবিত এই কর্মসূচির বিস্তারিত তথ্য দিয়েছেন।

বিধানসভা নির্বাচন পরিচালন সমিতির আহ্বায়ক ও সাংসদ প্রদান বরুয়া, সাধারণ সম্পাদক দিপ্লুরঞ্জন শর্মা, মন্ত্রী অশোক সিংঘল এবং প্রদেশ বিজেপির সংবাদ বিভাগের আহ্বায়ক রূপম গোস্বামীকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে দিলীপ শইকিয়া জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে ৩৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে ‘জন আশীর্বাদ যাত্রা’ অনুষ্ঠিত হবে। এই যাত্রার মুখ্য আহ্বায়ক হিসেবে মন্ত্রী অশোক সিংঘলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ পবিত্র মার্ঘেরিটা, সাধারণ সম্পাদক অনুপ বর্মণ এবং যোরহাট জেলার প্রভারি মৃগাঙ্ক বর্মনকে।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি ঢেকিয়াজুলি কেন্দ্রের গুপ্তেশ্বর মন্দির থেকে এই যাত্রার সূচনা হবে এবং প্রতিটি সভায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে প্ৰদেশ সভাপতি জানান।

২৮ ফেব্রুয়ারি ঢেকিয়াজুলি থেকে বরসলা, তেজপুর, নদুয়ার এবং রাঙাপাড়ায় অনুষ্ঠেয় কর্মসূচির তত্ত্বাবধায়ক হিসেবে অশোক সিংঘল, অভিজিৎ নাথ এবং জুরি শর্মা বরদলৈকে দায়িত্ব দেওয়া হয়েছে।

১ মার্চ জাগিরোড, মরিগাঁও, রহা, নগাঁও এবং বরহমপুর কেন্দ্রের জন্য পীযূষ হাজরিকা, দিপ্লুরঞ্জন শর্মা ও নবরণ বুড়াগোঁহাই; ২ মার্চ গহপুর, বিহপুরিয়া, রঙানদি ও নাওবৈচা কেন্দ্রের জন্য অশোক সিংঘল, পল্লবলোচন দাস ও অশোক ভট্টরায়; ৫ মার্চ ধেমাজি, চিচিবরগাঁও ও জোনাই কেন্দ্রের জন্য ডা. রণোজ পেগু, প্রদান বরুয়া ও বিতুপন দলে; ৬ মার্চ খোয়াং, টিংখং, নাহরকাটিয়া ও দুলিয়াজান কেন্দ্রের জন্য অশোক সিংঘল, বিমল বরা, ঋতুপর্ণ বরুয়া ও লক্ষ্য কোঁওর; ৭ মার্চ সরুপথার, গোলাঘাট, খুমটাই ও দেরগাঁও কেন্দ্রের জন্য অজন্তা নেওগ, কমাখ্যাপ্রসাদ তাসা ও সিদ্ধান্ত অংকুর বরুয়া; ৮ মার্চ মার্ঘেরিটা, ডিগবয়, মাকুম ও তিনসুকিয়া কেন্দ্রের জন্য রূপেশ গোয়ালা, পুলক গোহাঁই ও মহেশ দেউরি এবং ৯ মার্চ সরভোগ, বজালি, টিহু, নলবাড়ি ও রঙিয়া কেন্দ্রের জন্য রঞ্জিতকুমার দাস, জয়ন্তমল্ল বরুয়া, মনোজ বরুয়া ও রতুল শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

‘জন আশীর্বাদ যাত্রা’য় প্রতিদিন ৭০ থেকে ৮০ কিলোমিটার ভ্রমণ করে প্রায় ১ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগের লক্ষ্য স্থির করা হয়েছে বলে জানান প্ৰদেশ সভাপতি শইকিয়া।

উল্লেখ্য, আগামী ১৩ এবং ১৪ মার্চ দু-দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় অসমে আসবেন। ১৩ মার্চ কোকরাঝাড় ও গুয়াহাটিতে এবং ১৪ মার্চ শিলচরে সরকারি ও দলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন বলে সভাপতি দিলীপ শইকীয়া জানান।

এছাড়া, রাজ্যের যুব ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্যে ১৫ মার্চ গুয়াহাটিতে প্রায় ১ লক্ষ যুব ভোটারের উপস্থিতিতে এক বিশাল জনসভা আয়োজনের কথাও তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande