
পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : গুজব থেকে সন্দেহ, সেই থেকে গণপিটুনি, মৃত্যু হল এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের। শনিবার মধ্যরাতে নিথর দেহ ফেরে তাঁর বাড়িতে! কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্ৰাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া এলাকার বছর ৩৩-এর সৌম্যাদীপ চন্দ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
পরিবারের একমাত্র সন্তান সৌম্যদীপ। ওড়িশার ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার ও গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, কেশিয়াড়ি থানার খাজরা পঞ্চায়েতের গিলাগেড়িয়া গ্রামের বাসিন্দা সৌম্যদীপ গত ৮ ফেব্রুয়ারি, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তিনি নারায়ণগড় থানার রামপুর এলাকায় একটি বেসরকারি কারখানায় কাজ করতেন।
অভিযোগ, খড়গপুর গ্রামীণ থানার ভেটিয়া পঞ্চায়েতের আনারকলি এলাকায় কেশিয়াড়ি-খড়গপুর রাজ্য সড়কে কিছু মানুষ গুজবের ভিত্তিতে তাঁর পথ আটকায়। চোর সন্দেহে শুরু হয় বেধড়ক মারধর। কর্মস্থলের আইকার্ড দেখিয়ে কাজে যাওয়ার কথা জানালেও উত্তেজিত জনতা তাঁর কথা শোনেনি। মারধরের পর রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত