
গুয়াহাটি, ২২ ফেব্ৰুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩১-তম পর্ব আজ দেশবাসী শ্রবণ করেছেন। গুয়াহাটি মহানগর জেলার রাজধানী মণ্ডলের ১৮৭ নম্বর বুথের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বশিষ্ঠস্থিত সদর কার্যালয়ে দলের সভাপতি দিলীপ শইকিয়া, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, দলে নবাগত ভূপেন বরা সহ প্রায় ৩০০-র অধিক দলীয় কার্যকর্তা প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শ্রবণ করেছেন।
বুথ সভাপতি পুলিনচন্দ্র দাসের নেতৃত্বে অনুষ্ঠিত এই কার্যসূচিতে বিজেপির কেন্দ্রীয় উপ-সভাপতি তথা বিধানসভা নির্বাচনের প্রভারি বৈজয়ন্ত জয় পাণ্ডা, প্রদেশ প্রভারি হরিশ দ্বিবেদী, প্রদেশ সাংগঠনিক সাধারণ সম্পাদক জিআর রবীন্দ্র রাজু, বিধানসভা নির্বাচন পরিচালনা সমিতির আহ্বায়ক ও সাংসদ প্রদান বরুয়া, সাধারণ সম্পাদক দিপ্লুরঞ্জন শর্মা, পল্লবলোচন দাস, ক্যাবিনেট মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।
এই পর্বের সূচনায় দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী মানবসমাজ ও বিজ্ঞানের উৎকর্ষে অঙ্গদানের গুরুত্ব, বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়াক্ষেত্রে নেতৃত্বদানকারী ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের সাফল্য এবং কৃষিক্ষেত্রে আধুনিক পদ্ধতির প্রয়োগ নিয়ে বক্তব্য পেশ করেছেন।
কিছুদিন আগে কেরালার ১০ মাস বয়সি শিশু এলিন শেরিন আব্রাহাম নিজের দেহের অঙ্গদানের মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে গৌরব অর্জন করেছে। মৃত্যুর পর অঙ্গদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা এমন ব্যক্তিদের ঈশ্বরের দূত বলে অভিহিত করে প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানিয়ে দেশবাসীকেও অঙ্গদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আসন্ন হোলি উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ‘লোকাল ফর ভোকাল’ স্লোগানের মাধ্যমে দেশীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলার ৪৩৩টি মণ্ডলের অন্তর্গত প্রায় ২৭ হাজার বুথে একযোগে ৫ লক্ষাধিক কার্যকর্তা ‘মন কি বাত’ আজ শ্রবণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস