পিস্তলের মুখে পেট্রোল পাম্পে দুঃসাহসিক লুট, সিসি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা
নার্নৌল, ২২ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার নার্নৌল জেলার ডানচোলি গ্রামে শনিবার গভীর রাতে পিস্তল দেখিয়ে একটি পেট্রোল পাম্প থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। পেট্রোল পাম্পে লাগানো সিসি ক্যামেরায় গোটা লুটের ঘটনা ধরা পড়েছে। ঘটনার খ
পিস্তলের মুখে পেট্রোল পাম্পে দুঃসাহসিক লুট, সিসি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা


নার্নৌল, ২২ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার নার্নৌল জেলার ডানচোলি গ্রামে শনিবার গভীর রাতে পিস্তল দেখিয়ে একটি পেট্রোল পাম্প থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। পেট্রোল পাম্পে লাগানো সিসি ক্যামেরায় গোটা লুটের ঘটনা ধরা পড়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পেট্রোল পাম্পের মালিক জানান, ডানচোলি এবং ধনোতা গ্রামের সীমান্তে অবস্থিত ‘ছিল্লর কিসান সেবা কেন্দ্র’-এ শনিবার রাতে এক যুবক হেঁটে এসে উপস্থিত হয়। সেই সময় পাম্পের সেলসম্যান বাইরে ছিলেন। অভিযুক্ত প্রথমে সরাসরি অফিস কক্ষে ঢুকে কাউকে না পেয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সে আচমকাই সেলসম্যানের দিকে পিস্তল তাক করে তাকে অফিসের ভেতরে ঢুকতে নির্দেশ দেয়।

সেলসম্যান লালচাঁদ অফিসে ঢুকতে অস্বীকার করলে অভিযুক্ত তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ফের অফিস কক্ষে প্রবেশ করে এবং জোরপূর্বক লালচাঁদকে ভেতরে নিয়ে গিয়ে নগদ প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লুট করে। লুটের পর অভিযুক্ত লালচাঁদের মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে লালচাঁদ কোনওভাবে পাম্প মালিকের ছেলে রাহুলকে বিষয়টি জানান। রাহুল সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে এবং লালচাঁদের মোবাইলে কল করে অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। মোবাইল ফোনটি চালু অবস্থায় পাওয়ায় পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

তল্লাশির সময় পেট্রোল পাম্পের পিছনের পাহাড়ি এলাকায় মোবাইল ফোনটি উদ্ধার হলেও অভিযুক্তের কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের সন্ধানে অভিযান চলছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande