
উত্তর কাঁথি, ২২ ফেব্রুয়ারি (হি. স.):- পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে বিজেপির গৃহ-সম্পর্ক অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। রবিবার গ্রামীণ এলাকায় প্রচার কর্মসূচির অংশ হিসেবে উত্তর কাঁথি কেন্দ্রের বিধায়ক সুমিতা সিনহার নেতৃত্বে কয়েকশো কর্মী-সমর্থক বাইক মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার চালাচ্ছিল।অভিযোগ, সেই সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা ঝাঁটা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মিছিলের দিকে ইঙ্গিত করে প্রতিবাদ জানান। ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা তৈরি হলেও বড় কোনও অশান্তির খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।এই প্রসঙ্গে বিধায়ক সুমিতা সিনহা দাবি করেন, যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা প্রকৃত রাষ্ট্রবাদী নন। তাঁর কথায়, “এরা লুঙ্গি বাহিনী। প্রকৃত দেশপ্রেমিক হলে এভাবে প্রতিবাদ করতেন না। এর পিছনে বিরোধীদের উস্কানি রয়েছে।” যদিও বিক্ষোভকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। ফলে এ ধরনের ঘটনায় উত্তেজনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও প্রশাসন নজর রেখেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়