পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভ
ঝাড়গ্রাম, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : পথশ্রী প্রকল্পের আওতায় নির্মীয়মাণ একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে পথ অবরোধে নামেন গ্রামবাসীরা। জান
পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভ


ঝাড়গ্রাম, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : পথশ্রী প্রকল্পের আওতায় নির্মীয়মাণ একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে পথ অবরোধে নামেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত ও চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের মধ্যে বৃন্দাবনপুর ক্যানেল পার থেকে চন্দ্রী পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিপুল অর্থ বরাদ্দ হলেও কাজের মান অত্যন্ত নিম্নস্তরের।

গ্রামবাসীদের দাবি, রাস্তায় নির্ধারিত চওড়া ও গভীরতা বজায় রাখা হচ্ছে না। পর্যাপ্ত বালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও ব্যবহার করা হচ্ছে না। এর ফলে বর্ষা এলেই রাস্তার স্থায়িত্ব নিয়ে বড়সড় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

এই অনিয়মের প্রতিবাদে রবিবার সকাল থেকে গ্রামবাসীরা নির্মাণকাজ বন্ধ করে দেন এবং পথ অবরোধে সামিল হন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত কাজ শুরু করতে দেওয়া হবে না। তিন কোটি টাকার রাস্তার এমন বেহাল দশা দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দা পঞ্চমী মুর্মু, জয়ন্ত মাহাত ও বিষ্ণপদ খিলাড়ি। তাঁদের বক্তব্য, নিয়ম মেনে কাজ না হলে এক বর্ষাতেই এই রাস্তা ভেঙে পড়বে। তাই মানসম্মত নির্মাণের দাবিতে তাঁরা অনড়।

অন্যদিকে, ঠিকাদার সংস্থার তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থার এক কর্মচারী তাপস দে জানান, নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ হচ্ছে এবং প্রযুক্তিগত মান বজায় রাখা হয়েছে। বাসিন্দারা কাজের সিডিউল দেখতে চাইছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande