
হলদিয়া, ২২ ফেব্রুয়ারি (হি. স.): এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বিডিও অফিসের ভেতরেই বিএলও এবং এইআরও -র মধ্যে তুমুল বচসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার সুতাহাটা ব্লকে।
অভিযোগ, হলদিয়া বিধানসভার ১৫৩ নম্বর বুথের কুমারচকে ১৩ জন নতুন ভোটারের জন্য ৬ নম্বর ফর্ম জমা করেছিলেন সংশ্লিষ্ট বিএলও সঞ্জয় মিদ্যা। এরপর তাঁর মোবাইলে এইআরও দফতর থেকে ১০ জনের আবেদন বাতিলের বার্তা আসে। এই বাতিলের সঠিক কারণ জানতে বিডিও অফিসে গেলে এইআরও তথা ব্লকের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকের সঙ্গে তাঁর তীব্র বচসা বাধে। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
সংশ্লিষ্ট বিএলও-র দাবি, নিয়ম মেনেই যাবতীয় শুনানির পর ফর্মগুলি জমা দেওয়া হয়েছিল। অথচ কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়েই আবেদনগুলি খারিজ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানাতে গেলে তাঁকে হেনস্থা ও হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনায় তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে স্থানীয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্ব। প্রকৃত ভোটারদের নাম যেন কোনোভাবেই বাদ না যায়, সেই দাবিতে সরব হয়েছেন তাঁরা। নির্বাচনের আগে সরকারি আধিকারিকদের মধ্যে এমন বিবাদকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত