
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.): শিরদাঁড়ার ব্যথা বা মেরুদণ্ডের জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য খুশির খবর। চিকিৎসার প্রয়োজনে এতদিন যাঁদের সুদূর বেঙ্গালুরু পাড়ি দিতে হতো, এখন সেই ঝক্কি অনেকটাই কমছে। শহর ও সংলগ্ন জেলাগুলির বাসিন্দাদের সুবিধার্থে খোদ চুঁচুড়াতেই মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের সুযোগ।
বিশিষ্ট চিকিৎসক ডা. ভারত পি সরকার জানিয়েছেন, মেরুদণ্ডের সমস্যায় শুধু চিকিৎসাই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক সচেতনতা ও নিয়মিত পর্যবেক্ষণ। তাঁর মতে, শরীরের ভারসাম্য বজায় রাখতে সঠিক পরামর্শ ও সময়োচিত চিকিৎসা অত্যন্ত জরুরি। রোগীরা যাতে সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার ছুটির দিনেও চুঁচুড়াতে বিভিন্ন জেলার রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়ার বিষ্ণুপুর, পূর্ব মেদিনীপুর ও বীরভূমের বোলপুর থেকেও অনেকে আগেভাগে এসে পৌঁছান। এদিন ১২ জন রোগী ডা. সরকারের সঙ্গে সরাসরি কথা বলেন। চুঁচুড়ার ভূমিপুত্র ডা. সরকার জানান, এখন থেকে প্রতি দু’মাস অন্তর সশরীরে রোগীদের দেখার জন্য তিনি এখানে আসবেন।
হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার তোলাফটক মোড়ের কাছে অবস্থিত 'জনস্বাস্থ্য মাল্টি স্পেশালিটি পলি ক্লিনিক'-এ এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়া সশরীরে উপস্থিত হতে না পারলে অনলাইনের মাধ্যমেও পরামর্শ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আগামীদিনে প্রতি শুক্রবার দুপুর ২টো ৩০ মিনিট থেকে ৩টে ৩০ মিনিট পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে মেরুদণ্ডের নানা সমস্যার চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে।
বেঙ্গালুরুর মণিপাল হাসপাতাল হোয়াইট ফিল্ড-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বিশ্বজিৎ গাঙ্গুলি জানান, বর্তমানে বিশেষজ্ঞের পরামর্শের জন্য রোগী-পিছু ভিজিটিং ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। নিজের জন্মভিটেতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রোগী ও তাঁদের পরিবার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত