
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভায় দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ১৪১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে রবিবার সকালে বিধানসভার লবিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছুটির দিন হওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে বিধানসভার সচিবালয়ের কর্মী ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁরাও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত স্মৃতিচারণা করা হয়।উল্লেখ্য, ‘দেশপ্রিয়’ উপাধিতে ভূষিত যতীন্দ্রমোহন সেনগুপ্ত ব্রিটিশ শাসনামলে একজন প্রথিতযশা জাতীয়তাবাদী আইনজীবী এবং প্রথম সারির কংগ্রেস নেতা ছিলেন। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে তাঁর জন্ম। তাঁর পিতা যাত্রামোহন সেন ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী ও বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য। ১৯০২ সালে হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৯০৪ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করেন এবং ১৯০৮ সালে কেমব্রিজ থেকে বি.এ. ও ১৯০৯ সালে ব্যারিস্টারি পাশ করেন। দেশের এই মহান নেতার মাত্র ৪৮ বছর বয়সে রাঁচিতে প্রয়াণ ঘটেছিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত