ত্রিপুরা স্টেট গেমস-এর সূচনা, ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকারের জোর : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করছে এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে—এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। রবিবার ত্রিপুরা অলিম্প
ত্রিপুরা স্টেটস গেমসের সূচনা


আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করছে এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে—এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা স্টেট গেমস-২০২৬-এর উদ্বোধন করে তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলায় ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।

মশাল প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে গেমসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। ছাত্রছাত্রী ও যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে যুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ‘খেলো ইন্ডিয়া’-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। “এক ভারত শ্রেষ্ঠ ভারত”-এর পাশাপাশি রাজ্য সরকারও “এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, রাজ্যে প্রথমবারের মত স্টেট গেমসের সূচনা হল এবং এই উদ্যোগ ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই গেমস প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের উজ্জ্বল মঞ্চ হয়ে উঠবে এবং সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, গত পাঁচ বছরে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় দ্রুত উন্নয়ন হয়েছে। বিভিন্ন স্তরে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এবং গত এক বছরে রাজ্যের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে ২২টি পদক অর্জন করেছে। গত পাঁচ বছরে মোট পদকের সংখ্যা প্রায় ১০০-র কাছাকাছি বলেও তিনি জানান। রাজ্যের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই স্টেট গেমসের আয়োজন করা হয়েছে। এতে রাজ্যের আট জেলার প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাম রাইফেলসের ব্যান্ডের পরিবেশনা, ছাত্রছাত্রীদের মার্চপাস্ট ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে গেমসের আনুষ্ঠানিক সূচনা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande